বিনোদন

মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশের নাগরিক থাকতে চাই: ওমর সানী

detaillogo
ডেস্ক নিউজ
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪১
PostImage

দেশের জন্য কাজ করতে চান ওমর সানী, বললেন ‘মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশের নাগরিক থাকতে চাই’


চিত্রনায়ক ওমর সানী সবসময় দেশের জন্য কিছু করতে চান। সমাজের সচেতনতামূলক বিভিন্ন কাজে নিজেকে যুক্ত রাখতে চান এই অভিনেতা। মানবাধিকার নিয়েও কাজ করছেন তিনি। ভবিষ্যতে ক্যানসার সচেতনতা নিয়েও কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন সানী। দেশ ও সমাজের মানুষের জন্য নিজেকে সবসময় নিয়োজিত রাখতে চান তিনি।


ওমর সানীর পরিবারের সদস্যরা বর্তমানে দেশের বাইরে থাকেন। তাঁর ছেলে দুবাইয়ে ব্যবসা করছেন। মেয়ে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। স্ত্রী ও চিত্রনায়িকা মৌসুমীও দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন। পরিবারের অন্যরা দেশের বাইরে থাকলেও সানী বাংলাদেশেই থাকছেন।


দেশে থাকার কারণ ব্যাখ্যা করে ওমর সানী বলেন, ‘আমি মৃত্যুর আগ পর্যন্ত শুধু বাংলাদেশের পাসপোর্ট বা নাগরিকত্ব নিয়ে বাঁচতে চাই। এই দেশ আমাকে অনেক কিছু দিয়েছে, আমি দেশটির কাছে ঋণী। এখন দেশের জন্য কাজ করে যেতে চাই, এই দেশের মানুষের জন্য কাজ করতে চাই।’


এ সময় নিজের দেশপ্রেম নিয়েও কথা বলেন এই অভিনেতা। সানী বলেন, ‘দেশপ্রেম একটি ইবাদত। আপনি অসংখ্য ভালো কাজ করছেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, কিন্তু আপনার মধ্যে নিজের দেশের প্রতি ভালোবাসা নেই। তার ইবাদত কাজে আসবে না। এ ছাড়া ভণ্ড হয়ে দেশকে ভালোবাসা যায় না।’

ওমর সানী এ সময় দেশের চলচ্চিত্র নিয়েও কথা বলেন। তবে অভিনয়ে এখন আর নিয়মিত দেখা যায় না তাঁকে। বর্তমানে নিজের রেস্তোরাঁ ব্যবসা নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা।