বিনোদন

‘মনসুন বিটস’ কনসার্টে প্রীতম হাসান ও আর্টসেল

detaillogo
ডেস্ক নিউজ
২৫ আগস্ট ২০২৬, ১৫:৩৫
PostImage

রাজধানীতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘মনসুন বিটস’ কনসার্টে পারফর্ম করতে যাচ্ছেন প্রীতম হাসান।


সিনেমায় প্লেব্যাক, একক ও দ্বৈত গান এবং অভিনয়—সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক প্রীতম হাসান। ব্যস্ততার মাঝেও মঞ্চের দর্শকদের সময় দিতে ভুলছেন না তিনি।


এরই ধারাবাহিকতায় এবার রাজধানীতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘মনসুন বিটস’ কনসার্টে পারফর্ম করতে যাচ্ছেন প্রীতম হাসান। আগামী ২৯ আগস্ট রাজধানীর মাদানী অ্যাভিনিউর কোর্টসাইডে অনুষ্ঠিত হবে এই সংগীত আয়োজন। কনসার্টে প্রীতম হাসানের পাশাপাশি একই মঞ্চে পারফর্ম করবে দেশের জনপ্রিয় রক-মেটাল ব্যান্ড আর্টসেল।


এ ছাড়া অনুষ্ঠানে থাকছে অড সিগনেচার, রেনেসাঁস, কণ্ঠশিল্পী শিবু এবং ডিজে শিমারাইয়ের পরিবেশনা। কনসার্টটির আয়োজন করছে এনভায়ারো ইভেন্টস। আয়োজকদের ভাষ্য, সংগীতপ্রেমীদের প্রত্যাশার কথা বিবেচনা করেই ভিন্নধর্মী এই আয়োজন করা হয়েছে। তারকাশিল্পী ও প্রতিষ্ঠিত ব্যান্ডের পাশাপাশি বর্তমান সময়ের আলোচিত শিল্পী ও সংগীতশিল্পীদেরও এতে রাখা হয়েছে।


১৬ বছর বা তার বেশি বয়সী দর্শকরা নির্ধারিত মূল্যের টিকিট সংগ্রহ করে কনসার্টটি উপভোগ করতে পারবেন। কনসার্ট আয়োজনের তুলনামূলক খরার সময়ে ‘মনসুন বিটস’ সংগীতপ্রেমীদের প্রত্যাশা পূরণ করবে বলে আশাবাদী আয়োজকরা।

এদিকে সিনেমার গানের পাশাপাশি একক গানেও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছেন প্রীতম হাসান। তার সাম্প্রতিক একক গান ‘সেকেন্ড নায়ক’ বেশ আলোচিত হয়েছে। গানটির ভিডিও নির্মাণে সৃজনশীল নির্দেশনা দিয়েছেন নুহাশ হুমায়ূন। মনজুর অনিকের পরিচালনায় মিউজিক ভিডিওটিতে মডেল হিসেবে দেখা গেছে অভিনেতা মীর রাব্বি ও মালাইকা চৌধুরীকে।


গানের পাশাপাশি অভিনয়েও নিজের উপস্থিতি জানান দিয়েছেন প্রীতম। শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিনেমা ‘তুমি আমি শুধু’-তে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জেফার রহমান।