দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছেন দক্ষিণী সুপারস্টার যশ। তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’ মুক্তির প্রথম কয়েক ঘণ্টাতেই চলতি বছরের বেশ কয়েকটি আলোচিত সিনেমার পুরো প্রথম দিনের আয়কে ছাড়িয়ে গেছে।
বুধবার (২৬ আগস্ট) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে গীতু মোহনদাস পরিচালিত সিনেমা ‘টক্সিক’। প্রায় ৫০০ কোটি রুপি বাজেটের এই সিনেমা মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। মুক্তির প্রথম দিনেই সেই আগ্রহের প্রতিফলন দেখা গেছে প্রেক্ষাগৃহে।
সিনেমাটির প্রথম প্রদর্শনী শুরু হয় সকাল ৬টায়। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত ভারতীয় বক্স অফিসে ‘টক্সিক’ আয় করে ২৭ কোটি ৪৫ লাখ রুপি। এর মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে হিন্দি সংস্করণ থেকে। সকাল ১১টা পর্যন্ত হিন্দি সংস্করণের আয় ছিল ১১ কোটি ৯২ লাখ রুপি। তেলেগু সংস্করণ আয় করে ৪ কোটি ৬৪ লাখ রুপি, তামিল সংস্করণের আয় ১ কোটি ৩০ লাখ রুপি এবং মালয়ালম সংস্করণ সংগ্রহ করে ৪৭ লাখ রুপি।
মুক্তির প্রথম পাঁচ ঘণ্টার এই আয়েই চলতি বছরের বেশ কয়েকটি আলোচিত সিনেমার পুরো প্রথম দিনের বক্স অফিস সংগ্রহকে পেছনে ফেলে দেয় যশের সিনেমাটি। আলিয়া ভাটের ‘আলফা’ প্রথম দিনে আয় করেছিল ৯ কোটি ২৫ লাখ রুপি। ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’-এর প্রথম দিনের আয় ছিল ২২ কোটি রুপি। অন্যদিকে অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ প্রথম দিনে সংগ্রহ করেছিল ১৫ কোটি ২৫ লাখ রুপি।
এ ছাড়া অজয় দেবগনের ‘ধামাল ৪’ প্রথম দিনে আয় করেছিল ১৪ কোটি রুপি এবং শাহিদ কাপুরের ‘ককটেল ২’-এর প্রথম দিনের সংগ্রহ ছিল ১৬ কোটি ২০ লাখ রুপি।
দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আরও দ্রুত বাড়তে থাকে ‘টক্সিক’-এর আয়। নানা সমালোচনা ও বিতর্কের মধ্যেও মুক্তির দিন বিকেল ৪টা পর্যন্ত ভারতজুড়ে সিনেমাটির নেট আয় দাঁড়ায় ৭৯ কোটি ১২ লাখ রুপি। একই সময়ে এর গ্রস আয় হয় ৯৩ কোটি ৩৬ লাখ রুপি।
এই আয়ের বড় অংশ এসেছে হিন্দি সংস্করণ থেকে, যার নেট সংগ্রহ প্রায় ৪৫ কোটি রুপি। অন্যদিকে সিনেমাটির মূল কন্নড় সংস্করণও শক্ত অবস্থান ধরে রেখেছে। সন্ধ্যা ৬টার মধ্যে কন্নড় সংস্করণের আয় ১৯ কোটি রুপি ছাড়িয়ে যায়। সকালের শোগুলোতে দর্শক উপস্থিতির হার ছিল প্রায় ৮৫ শতাংশ।
তেলেগু ডাব সংস্করণও ভালো ব্যবসা করেছে। তবে তামিল ও মালয়ালম সংস্করণের আয় তুলনামূলকভাবে কিছুটা পিছিয়ে রয়েছে। সব মিলিয়ে প্রথম দিনের হিসাব শেষ হওয়ার আগেই বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছে যশের ‘টক্সিক’। চার বছর পর বড় পর্দায় ফেরা এই তারকার সিনেমাটি শেষ পর্যন্ত প্রথম দিনে কত আয় করে, এখন সেটিই দেখার অপেক্ষা।
বিনোদন