জাতীয়

চার বছর পর চাকরি ফিরে পেলেন আলোচিত ‘টিপকাণ্ডে’ বরখাস্ত পুলিশ কনস্টেবল

detaillogo
ডেস্ক নিউজ
২৩ জুলাই ২০২৬, ১৬:১৮
PostImage

ফার্মগেটের বহুল আলোচিত ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল মো. নাজমুল তারেক।


দীর্ঘ চার বছর পর চাকরি ফিরে পেয়েছেন রাজধানীর ফার্মগেটের বহুল আলোচিত ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল মো. নাজমুল তারেক। বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রশাসনিক ট্রাইব্যুনাল তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, ২০২২ সালের ২ এপ্রিল রাজধানীর ফার্মগেটে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সে সময় নাজমুল তারেক ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগে কর্মরত ছিলেন।


অভিযোগ অনুযায়ী, উল্টো পথে মোটরসাইকেল চালানোর সময় তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দারের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। পরে লতা সমাদ্দার অভিযোগ করেন, পুলিশ পোশাক পরা এক ব্যক্তি তাকে ‘টিপ পরছোস কেন’ বলে কটূক্তি করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তদন্ত শেষে নাজমুল তারেককে প্রথমে সাময়িক বরখাস্ত করা হয়। পরে বিভাগীয় কার্যক্রম শেষে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।


তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন নাজমুল তারেক। তার দাবি ছিল, তিনি টিপ নিয়ে কোনো মন্তব্য করেননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। তিনি আরও দাবি করেন, ঘটনাস্থলের এক দোকানদারও তার বক্তব্যের পক্ষে সাক্ষ্য দিয়েছেন। চাকরিচ্যুত হওয়ার পর ২০২২ সালের নভেম্বরে প্রশাসনিক ট্রাইব্যুনালে পুনর্বহালের আবেদন করেন নাজমুল তারেক। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত তার আবেদন মঞ্জুর করে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন।