জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদকদের বৈঠক, স্বাধীন গণমাধ্যম ও গঠনমূলক সমালোচনার আহ্বান

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই ২০২৬, ১৪:১১
PostImage

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কাজের গঠনমূলক সমালোচনা নিশ্চিতভাবেই দেশের জন্য মঙ্গলজনক।


প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন গণমাধ্যমের সম্পাদকদের প্রতিনিধিত্বকারী সংগঠন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের একটি প্রতিনিধিদল। সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সুজন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে স্বাধীন গণমাধ্যমচর্চা এবং সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় সরকারের প্রণয়নাধীন নীতিমালা বাস্তবায়নে সম্পাদকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।


উপপ্রেস সচিব বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের সম্পাদকদের উদ্দেশে বলেছেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কাজের গঠনমূলক সমালোচনা নিশ্চিতভাবেই দেশের জন্য মঙ্গলজনক। তবে একই সঙ্গে সরকারের ইতিবাচক কর্মকাণ্ডগুলোও যেন গণমাধ্যমে যথাযথভাবে ফুটে ওঠে, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন। যাতে সাধারণ মানুষ সরকারের ইতিবাচক উদ্যোগগুলো সম্পর্কে স্পষ্টভাবে অবগত হতে পারে।


ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেয়। প্রতিনিধিদলে অন্যদের মধ্যে প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান সোহেল, নয়া দিগন্তের সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়াদার সম্পাদক শফিকুল আলম, মানবকণ্ঠের সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ অংশ নেন।