কয়েকটি গণমাধ্যমে ‘মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি’—এমন সংবাদ প্রকাশের পর বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক মাদকবিরোধী সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।এ সময় মাদকবিরোধী কার্যক্রম নিয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে সবাইকে সম্পৃক্ত করে মাদকবিরোধী অভিযান শুরু করা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং গণমাধ্যমকে নিয়ে এ কার্যক্রমকে সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্য রয়েছে।
মাদক নির্মূলে সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, এটা ছাড়া আমি মনে করি, বিকল্প কোনো পথ নাই। শুধু আইন করে, শাস্তি দিয়ে মাদককে নির্মূল করা সম্ভব না। আমি বিশ্বাস করি আমরা ঠাকুরগাঁওতে যে পদক্ষেপ নিতে যাচ্ছি, সেই পদক্ষেপগুলোর ফলে আমরা কিছুটা ইতিবাচক ফল লাভ করব অবশ্যই।
এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আমরা চাই আপনারা এ ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করবেন এবং এই প্রচারটা করবেন, এর মূল কাজটা হচ্ছে প্রচার করা যে মাদক খারাপ জিনিস, মাদক ব্যবহার করা উচিত না। এভাবেই আমাদের নিজেদেরকে এগোতে হবে।