জাতীয়

সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর হাইকোর্টের আদেশ স্থগিত

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই ২০২৬, ১৪:৩৩
PostImage

কোনো ব্যক্তিকে গ্রেপ্তার না দেখানো বা হয়রানি না করার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।


সুনির্দিষ্ট মামলা ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেপ্তার না দেখানো বা হয়রানি না করার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। বুধবার (২৯ জুলাই) রাষ্ট্রপক্ষের করা পৃথক আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। একই সঙ্গে এ-সংক্রান্ত জারি করা রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, জামিন পাওয়ার পর যেসব মামলার এজাহারে কোনো ব্যক্তির নাম নেই, সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক রিট আবেদন করা হয়। শুনানি শেষে গত মাসে হাইকোর্ট সুনির্দিষ্ট মামলা ছাড়া কাউকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেন এবং অন্তর্বর্তীকালীন আদেশ দেন।


পরে হাইকোর্টের ওই পৃথক আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল আবেদন করলে বিষয়টি আপিল বিভাগের শুনানিতে আসে। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান। অন্যদিকে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান ও আইনজীবী এ কে এম ফখরুল ইসলাম।


শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, ফৌজদারি মামলার এজাহারে কারও নাম না থাকলেও তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তদন্ত কর্মকর্তা আদালতের অনুমতি নিয়ে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করতে পারবেন। আপিল বিভাগের এ আদেশের ফলে হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশ আপাতত কার্যকর থাকবে না। তবে মূল রুলের চূড়ান্ত নিষ্পত্তির পর এ বিষয়ে আদালতের পূর্ণাঙ্গ সিদ্ধান্ত জানা যাবে।