জাতীয়

হজের বিমান ভাড়া কমে ১ লাখ ৩০ হাজার টাকা

detaillogo
ধর্ম ডেস্ক
৩০ জুলাই ২০২৬, ১৩:২৬
PostImage

আরও সুবিধা নিয়ে সৌদির সঙ্গে আলোচনা


চলতি বছরের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের বিমান টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে হজযাত্রীদের ব্যয় কমাতে সৌদি আরবের সঙ্গে বিভিন্ন সুবিধা নিশ্চিত করতে আলোচনা চলছে।


বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার বাংলাদেশি হজযাত্রীদের জন্য যৌক্তিক ব্যয়ে, হয়রানিমুক্ত ও মানসম্মত হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে। ২০২৬ সালের সফল হজ ব্যবস্থাপনার ধারাবাহিকতায় ২০২৭ সালে আরও উন্নতভাবে হজ কার্যক্রম পরিচালনার লক্ষ্য রয়েছে সরকারের।


তিনি আরও বলেন, গত বছর হজের বিমান টিকিটের মূল্য ১২ হাজার টাকা কমানো হয়েছিল। এ বছর আরও ২৫ হাজার টাকা কমিয়ে টিকিটের মূল্য ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে। এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বিমান টিকিটের ওপর আরোপিত সৌদি বিমানবন্দরের নির্মাণ কর কমানোর জন্য সৌদি সরকারের কাছে অনুরোধ জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এছাড়া বাংলাদেশি হাজীদের আবাসন ব্যয় কমাতে বিশেষ সুবিধা প্রদানের বিষয়েও সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।


প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি এ জন্য দেশবাসীর দোয়া কামনা করেন। পাশাপাশি হজযাত্রীদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করলে দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। অনুষ্ঠানে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, দেশের মাত্র ৫ শতাংশ হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন, আর বাকি ৯৫ শতাংশ বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে সৌদি আরব যান। সরকার হাজীদের সাশ্রয়ী মূল্যে নিরাপত্তার সাথে প্রতারণামুক্ত হজ্জ আয়োজনে বদ্ধপরিকর। তাই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়- এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হজ এজেন্সিগুলোর প্রতি আহ্বান জানান তিনি।


অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সৌদি দূতাবাসের উপ-মিশন প্রধান খালিদ সাঈদ আল হাদাল, হাবের নেতৃবৃন্দ, বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক, সৌদি এয়ালাইন্সের কান্ট্রি ডিরেক্টরসহ হজপ্রত্যাশী মুসল্লিরা উপস্থিত ছিলেন।