জাতীয়

বন্ধ সরকারি শিল্পকারখানা চালু ও বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক

detaillogo
নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৬, ১৪:১৫
PostImage

প্রধানমন্ত্রী ২০২৬ সালের মধ্যে বন্ধ শিল্পকারখানা চালুর পুরো প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেন।


দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানা পুনরায় চালু, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কার্যক্রমে গতি আনা এবং বেসরকারি বিনিয়োগের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।


প্রধানমন্ত্রী ২০২৬ সালের মধ্যে বন্ধ শিল্পকারখানা চালুর পুরো প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেন। এছাড়া বৈঠকে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।