জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য ও ত্যাগীদের মনোনয়ন: তারেক রহমান

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১০ আগস্ট ২০২৬, ০৫:৩৮
PostImage

তারেক রহমান বলেন, দুর্বল বা অযোগ্য কাউকে মনোনয়ন দেওয়া হলে অন্যরা সেই সুযোগ নেবে।


স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য ও ত্যাগী নেতাদেরই প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) রাতে চট্টগ্রামের রেডিসন ব্লুতে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে আয়োজিত সাংগঠনিক সভায় তিনি এ কথা বলেন। সভায় ছয় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারেক রহমান বলেন, দুর্বল বা অযোগ্য কাউকে মনোনয়ন দেওয়া হলে অন্যরা সেই সুযোগ নেবে। তাই দলের সমর্থিত প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


সভায় উপস্থিত বিএনপি নেতারা জানান, তারেক রহমান দলের ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, গুপ্ত বাহিনীর ষড়যন্ত্র এখনো চলছে। ফ্যাসিবাদী শক্তিও ষড়যন্ত্রে লিপ্ত। ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসার বিচার এক মাসের মধ্যে করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা ১৫ দিনের মধ্যে সম্পন্ন করা হয়েছে। এরপরও গুপ্ত বাহিনী এই বিচার নিয়ে মিথ্যাচার করেছে।


বিএনপি পরিবারকে একটি ঘরের বাসিন্দা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কোনো কারণে যাতে সেই ঘর ভেঙে না পড়ে, সে জন্য সবাইকে তা শক্ত হাতে ধরে রাখতে হবে। তিনি আরও বলেন, বিএনপি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দিচ্ছে। এসব বিষয়ে জনগণকে জানাতে হবে।