রাজধানীর মিরপুরে হকারদের সঙ্গে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষের ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিকভাবে এ ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়ের ঘাটতির কথা জানা গেছে বলে তিনি জানিয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ উৎসবকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার কোনো হুমকি নেই বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, দুর্গাপূজা নির্বিঘ্ন করতে অ্যাপের মাধ্যমে সারা দেশে যোগাযোগ ও মনিটরিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হচ্ছে।
দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও হামলার ঘটনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এসব ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হচ্ছে না। যারা এসব ঘটনায় জড়িত, তাদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মিরপুরের সংঘর্ষ প্রসঙ্গে তিনি বলেন, উচ্ছেদ অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট, সিটি করপোরেশন ও পুলিশের মধ্যে সঠিক যোগাযোগের ঘাটতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ঢালাওভাবে সরকারকে দোষারোপ করা এবং উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করার বিষয়টি জনগণই বিচার করবে।