বর্তমান সংকটময় পরিস্থিতিতে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। এমনটাই জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
শুক্রবার (৬ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করা বাধ্যতামূলক। সংকটের অজুহাতে অতিরিক্ত দাম নেওয়া আইনত অপরাধ। এছাড়া প্রতি মাসের শুরুতে সরকার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে থাকে।
বিপিসি জানায়, কিছু ভোক্তা ডিলার ও ফিলিং স্টেশন থেকে প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনে অননুমোদিতভাবে মজুত করার চেষ্টা করছেন—এমন খবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এসেছে।
সংস্থাটি আরও জানিয়েছে, দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে নিয়মিত আমদানি চলছে। নির্ধারিত সূচি অনুযায়ী তেলের পার্সেল দেশে আসছে এবং প্রধান স্থাপনা থেকে সারাদেশের ডিপোগুলোতে রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে তেল পাঠানো হচ্ছে।
বিপিসি আশা প্রকাশ করেছে, খুব শিগগিরই দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত বাফার স্টক বা মজুত গড়ে উঠবে, ফলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।