নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের স্বাস্থ্যসেবা খাতের মাঠপর্যায়ে বিরাজমান জনবলসংকট কাটাতে সরকার কাজ শুরু করেছে বলেও জানান তিনি। বুধবার (২৮ অক্টোবর) জাপানপ্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এর আগে চলতি মাসের শুরুতে ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনেও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানান তিনি। সে সময় প্রধানমন্ত্রী বলেছিলেন, নিয়োগপ্রাপ্তদের প্রায় ৮০ শতাংশই নারী হবেন। তাঁরা তৃণমূল পর্যায়ে প্রাথমিক চিকিৎসাসেবা, স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও প্রয়োজনীয় রেফারেল সেবা দেবেন।
তিন ধাপে নিয়োগের পরিকল্পনা
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তিন ধাপে সম্পন্ন হবে এই নিয়োগ কার্যক্রম। এর মধ্যে চলতি ২০২৬-২৭ অর্থবছরেই প্রথম ধাপে ৪৫ হাজার ৭০০ জন কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রান্তিক পর্যায়ে চিকিৎসাসেবা জোরদার করতে বিশেষ বিসিএসের মাধ্যমে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এই নিয়োগপ্রক্রিয়ার সঙ্গে মন্ত্রণালয়ের একাধিক বিভাগ ও অধিদপ্তর যুক্ত রয়েছে। নিয়োগ কার্যক্রমের গতি বাড়াতে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। প্রথম ধাপে ৪৫ হাজার ৭০০ জন কর্মী নিয়োগের লক্ষ্যে প্রাথমিক কার্যক্রম এগিয়ে চলছে।
এদিকে, স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে ১৩ থেকে ১৬তম গ্রেডের শূন্য পদে জরুরি ভিত্তিতে সরাসরি নিয়োগ ও পদোন্নতির নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে ২০১৮ সালের নন-মেডিক্যাল কর্মচারী নিয়োগ বিধিমালা অনুসরণ করে দ্রুত জনবল নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে।
যেসব প্রতিষ্ঠানে আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও মামলা বা প্রশাসনিক জটিলতায় নিয়োগপ্রক্রিয়া শেষ করা যায়নি, সেসব পদের ছাড়পত্র নিয়ে সমন্বিতভাবে আবারও বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যমান জটিলতা দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্যসংখ্যক পদ শূন্য
বর্তমানে দেশে অনুমোদিত ৬৫ হাজার ২৩০টি মাঠপর্যায়ের পদের মধ্যে ১৮ হাজার ৯৪৭টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সহকারী পদে ৬ হাজার ৯৫৩টি এবং পরিবারকল্যাণ সহকারী পদে ৮ হাজার ২৯৩টি পদ খালি রয়েছে।
এ ছাড়া লালমনিরহাটে চিকিৎসকদের ৫০ শতাংশ পদ শূন্য রয়েছে। ঢাকার কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) ২৩০টি পদের মধ্যে ১৬০টি পদই ফাঁকা। সংশ্লিষ্টদের মতে, প্রয়োজনীয় জনবলের অভাবে জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। পরিকল্পিত নিয়োগ কার্যক্রম বাস্তবায়িত হলে মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবার জনবলসংকট কমাতে সহায়ক হতে পারে।