জাতীয়

পরিকল্পিত জাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য দূর করা সম্ভব: প্রধানমন্ত্রী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৭ মার্চ ২০২৬, ১৩:৫৩
PostImage

পরিকল্পিতভাবে জাকাত বণ্টন করা গেলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশে দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


পরিকল্পিতভাবে জাকাত বণ্টন করা গেলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশে দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


শনিবার (৭ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম শিশু ও ওলামা-মাশায়েখদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন গবেষণা অনুযায়ী দেশে প্রতি বছর প্রায় ২০ থেকে ২৫ হাজার কোটি টাকার বেশি জাকাত আদায় হয়। কিন্তু সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাবে এই অর্থ দারিদ্র্য বিমোচনে প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছে না।


তিনি বলেন, দরিদ্র পরিবারগুলোকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে জাকাত বণ্টন করা গেলে তা দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। লক্ষ্যভিত্তিক জাকাত ব্যবস্থাপনা চালু করা গেলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হবে।


রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর প্রবণতারও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পবিত্র রমজান ত্যাগ, সংযম ও মানবিকতার মাস। অথচ এ সময় কেউ কেউ অসাধু উপায়ে পণ্যের দাম বাড়িয়ে মানুষের কষ্ট বাড়িয়ে দেন। এ ধরনের কাজ থেকে বিরত থাকতে তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।




অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহ আলম, আসসুন্নাহ ফাউন্ডেশন–এর চেয়ারম্যান শায়খ আহমেদুল্লাহ এবং জাতীয় মসজিদ বাইতুল মোকাররম–এর খতিব মুফতি আব্দুল মালেক।


এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলাম, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রেস সচিব ছালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব **আতিকুর রহমান রুমন**সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।


এমআর//