শিক্ষামন্ত্রী এএনএম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে অর্ধশিক্ষিত লোক নয়, বরং শিক্ষাক্ষেত্রে অবদান রয়েছে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার বিষয়ে চিন্তাভাবনা চলছে। অর্ধশিক্ষিত ব্যক্তিদের দিয়ে কমিটি গঠনের যে তথ্য প্রচার হয়েছে তা অসম্পূর্ণ ও বিকৃত বলেও তিনি মন্তব্য করেন।
শুক্রবার চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী জানান, ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার কোনো প্রশ্নই ওঠে না।
তিনি আরও বলেন, কচুয়াকে শিক্ষার রোল মডেল হিসেবে গড়ে তুলতে চান তারা, যাতে এখান থেকে সারা দেশে তা ছড়িয়ে দেওয়া যায়। শিক্ষার মান উন্নয়নে সরকার ধাপে ধাপে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
শিক্ষামন্ত্রী জানান, পুরনো পদ্ধতির পরিবর্তে নতুন ও যুগোপযোগী নিয়মে এসএসসি পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষার হলে পরীক্ষার্থী, ইনভিজিলেটর ও পর্যবেক্ষকদের জন্যও নির্দিষ্ট নিয়মকানুন প্রণয়ন করা হবে বলে জানান তিনি।