পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ মার্চ) দেওয়া এক বাণীতে তিনি বলেন, লাইলাতুল কদর অত্যন্ত মহিমামণ্ডিত ও বরকতময় একটি রাত। পবিত্র কুরআনুল কারিম এই মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে এবং মহান আল্লাহ এই রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, এই রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে। এ রাতে ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের অনন্য সুযোগ সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, পবিত্র রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলি জাগ্রত করার মাস। লাইলাতুল কদরের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়।
প্রধানমন্ত্রী সবাইকে এই রাতের তাৎপর্য অনুধাবন করে বেশি বেশি ইবাদত-বন্দেগিতে মনোনিবেশ করার আহ্বান জানান এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করার তাগিদ দেন।
বাণীতে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত যেন সবার ওপর বর্ষিত হয় এবং বাংলাদেশ শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের পথে এগিয়ে যায়।
এমআর/