দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাচ্ছেন। তিনি উল্লেখ করেন, ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি, যা মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।
তিনি বলেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই সাধনা মানুষকে আত্মসংযমী করে এবং অন্যের কষ্ট উপলব্ধি করতে শেখায়, যা সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ঈদের প্রকৃত তাৎপর্য হলো রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে বাস্তবায়ন করা। ঈদ ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়।
তিনি আহ্বান জানান, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। ঈদ যেন জাতীয় ঐক্য, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করে—এ প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
বাণীর শেষে তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করে বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ, রহমত ও বরকত সবার জীবনে বর্ষিত হোক এবং দেশ ও জাতি শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাক।
এমআর/