জাতীয়

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘ হলে অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২২ মার্চ ২০২৬, ১৬:৪৬
PostImage

চট্টগ্রাম, ২২ মার্চ: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ আরও বাড়বে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।


চট্টগ্রাম, ২২ মার্চ: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ আরও বাড়বে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (২২ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান সময়টি দেশের জন্য কঠিন। ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্যেই সরকার দায়িত্ব নিয়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যুক্ত হওয়ায় অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। যুদ্ধ দীর্ঘ হলে এ চাপ আরও বাড়বে।

তিনি জানান, সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক রয়েছে। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জ্বালানি সংগ্রহ অব্যাহত রাখা হয়েছে, যাতে মিল-কারখানা ও বিদ্যুৎ খাতে কোনো বিঘ্ন না ঘটে। বর্তমানে পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, যুদ্ধের প্রভাব মোকাবিলায় সবাইকে সংযমী হতে হবে। ভবিষ্যতে চাপ বাড়লে তার প্রভাব জনগণের ওপরও পড়বে, তাই এ পরিস্থিতি মোকাবিলায় সবার সহযোগিতা, সহানুভূতি ও ধৈর্য প্রয়োজন।

তিনি আরও বলেন, যুদ্ধ বাংলাদেশের নিয়ন্ত্রণে নয়, তবে এর প্রভাব বিশ্বব্যাপী পড়ছে। মধ্যপ্রাচ্যের ওপর জ্বালানির নির্ভরতার কারণে বাংলাদেশের ওপর এর প্রভাব তুলনামূলক বেশি। এ পরিস্থিতি সামাল দিতে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে এবং কিছু ক্ষেত্রে তা ইতোমধ্যে শুরু হয়েছে।

এ সময় চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, বিভাগীয় কমিশনার জিয়াউদ্দীন এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাও উপস্থিত ছিলেন।


এমআর//