জাতীয়

বিয়ে বাড়ির গহনা বহনে দেবে পুলিশি নিরাপত্তা: ডিবি প্রধান

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২২ মার্চ ২০২৬, ১৬:৫২
PostImage

এবার বিয়ে বাড়ির গহনা বহনেও পুলিশি নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে অর্থ ও পণ্য পরিবহনে নিরাপত্তা দেওয়ার পর এবার বিয়ে বাড়ির গহনা বহনেও পুলিশি নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২২ মার্চ) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে ডিবির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদের সময় জনগণকে থানায় স্বর্ণালংকার ও মূল্যবান জিনিস জমা রাখার আহ্বান জানানো হয়েছিল। পাশাপাশি ব্যাংকের ভল্ট ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়। অর্থ বা মূল্যবান গহনা পরিবহনের ক্ষেত্রে পুলিশ নিরাপত্তা প্রদান করছে।

ডিবি প্রধান জানান, ঈদের পর বিভিন্ন এলাকায় বিয়ের অনুষ্ঠান বেশি হওয়ায় কেউ যদি হোটেল বা কমিউনিটি সেন্টার থেকে বাসা পর্যন্ত গহনা নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা চান, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগ করলে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে।

তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু পুলিশ সদস্য ছুটিতে থাকলেও প্রয়োজনীয় সংখ্যক সদস্য দায়িত্ব পালন করছেন। ঈদের আগের তিন দিন থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং এখনো তা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ডিবি প্রধান আশাবাদ ব্যক্ত করে বলেন, ঈদে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা গেছে এবং আগামী দিনগুলোতেও একইভাবে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।


এমআর//