জনগণের সঙ্গে সরকার ধোঁকাবাজি করছে বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা।
সোমবার (২৩ মার্চ) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিজ এলাকায় স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, মন্ত্রীদের পক্ষ থেকে অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার কথা বলা হলেও বাস্তবে তা কীভাবে লাখো যাত্রীর কাছে পৌঁছানো হবে—তা নিয়ে প্রশ্ন রয়েছে। তার ভাষায়, এটি জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়।
তিনি অভিযোগ করেন, ঈদযাত্রায় টিকিট সংগ্রহ করতে গিয়ে মানুষকে অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা, দুর্নীতি ও চাঁদাবাজির শিকার হতে হয়েছে। এতে মানুষের ঈদের আনন্দ নষ্ট হয়েছে।
সরকারের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন শেষ হলেও অনিয়মের বিষয়টি দেশের স্বার্থে মেনে নেওয়া হয়েছে। তবে সরকার যদি সঠিক পথে না ফেরে, তাহলে জনগণ তা মেনে নেবে না।
তিনি আরও বলেন, দেশে যেন চাঁদাবাজি ও জুলুম বন্ধ হয়—এমন প্রতিশ্রুতি সরকারকে দিতে হবে। সরকার ইতিবাচক পদক্ষেপ নিলে জামায়াতে ইসলামী তা সমর্থন করবে, অন্যথায় জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে।
এর আগে তিনি নিজ গ্রামের কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন এবং পরে স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ প্রায় ৪ হাজার মানুষ উপস্থিত ছিলেন।
এমআর//