গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালি-তে বাংলাদেশসহ ৬টি দেশের বাণিজ্যিক জাহাজে হামলা করা হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।
বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রণালিটি পুরোপুরি বন্ধ করা হয়নি, তবে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। নিরাপদ চলাচলের জন্য বিভিন্ন দেশ ইরানের সঙ্গে যোগাযোগ করেছে।
তিনি জানান, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সিদ্ধান্ত নিয়েছে—বাংলাদেশ, ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান এবং ইরাক—এই ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপদ প্যাসেজ পাবে।
আরাগচি বলেন, এসব দেশের সঙ্গে ইরানের সমন্বয় হয়েছে এবং তারা নিরাপদ চলাচলের বিষয়ে সম্মত হয়েছে। এমনকি চলমান উত্তেজনা শেষে যুদ্ধ-পরবর্তী সময়েও এই নিরাপত্তা সুবিধা অব্যাহত থাকবে।
তবে তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালিতে প্রবেশের আগে সব জাহাজকে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে।
প্রসঙ্গত, বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই প্রণালি দিয়ে পরিবহন হয়। বৈশ্বিক তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে যায়, ফলে এখানে উত্তেজনা সৃষ্টি হলে আন্তর্জাতিক বাজারে প্রভাব পড়ে।
গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সঙ্গে সংঘাত শুরুর পর থেকে ইরান হরমুজ প্রণালিতে আংশিক নিয়ন্ত্রণ আরোপ করে। এর ফলে জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে।
এদিকে ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বিদেশি জাহাজের ওপর টোল আরোপের একটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে দেশটির পার্লামেন্ট। ইতোমধ্যে সেই আইনের খসড়া তৈরির কাজ শুরু হয়েছে।
এমআর//