দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে জ্বালানি তেল অবৈধভাবে মজুতের সুনির্দিষ্ট তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের সরবরাহ তদারকি জোরদার করতে দেশের সব জেলায় ইতোমধ্যে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। অবৈধ মজুতদারি বন্ধে যারা তথ্য দিয়ে সহায়তা করবেন, তাদের জন্য শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেওয়া হবে।
এ লক্ষ্যে সচেতন নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগ ও পরামর্শ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে, অবৈধ মজুত রোধে মাঠপর্যায়ে সাঁড়াশি অভিযানও শুরু হয়েছে। এর অংশ হিসেবে পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৩০টি ড্রামে মজুত রাখা প্রায় ৬ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন কঠোর নজরদারিতে রয়েছে। দেশের তেল ডিপো, পেট্রল পাম্প ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
এমআর//