জাতীয়

প্রটোকল ভেঙে দাফনে অংশ নিলেন প্রতিমন্ত্রী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৮ মার্চ ২০২৬, ১৭:৪৭
PostImage

রাষ্ট্রীয় প্রটোকল ভেঙে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়াসের খান চৌধুরী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।


রাষ্ট্রীয় প্রটোকল ভেঙে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়াসের খান চৌধুরী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়কের পাশে দাফন কাজ চলতে দেখে গাড়ি থামিয়ে নিজেই কবরে নেমে দাফনে অংশ নেন তিনি।


শুক্রবার (২৭ মার্চ) বিকেলে নান্দাইল উপজেলা–এর জাহাঙ্গীরপুর ইউনিয়নে উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশের একটি কবরস্থানে দাফন কার্যক্রম চলতে দেখে প্রতিমন্ত্রী তার গাড়িবহর থামান। এরপর কোনো দ্বিধা ছাড়াই কবরস্থানে গিয়ে নিজেই কবরে নেমে লাশ দাফনের কাজে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা এনামুল কাদির ও মিজানুর রহমান লিটন। তারা বলেন, একজন প্রতিমন্ত্রীকে এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দাফন কাজে অংশ নিতে দেখা বিরল ঘটনা।


স্থানীয় বাসিন্দারা জানান, পদের অহংকার ভুলে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এ দৃশ্য বর্তমান সময়ে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।দাফন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত সবার সঙ্গে মোনাজাতে অংশ নেন প্রতিমন্ত্রী। এরপর তিনি তার গন্তব্যে রওনা দেন।