ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম রবিবার (২৯ মার্চ) বলেছেন, সংসদের বর্তমান কার্যক্রমে জুলাই সনদ এবং গণভোটের কোনো প্রতিফলন নেই। তিনি উল্লেখ করেন, “এই সংসদটা কিভাবে গঠিত হয়েছে, আমরা সেটি ভুলে যাচ্ছি। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এখানে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এখন সংসদের কার্যক্রম দেখলে মনে হয় যেন এ ধরনের কিছুই হয়নি।”
নাহিদ ইসলাম দাবি করেন, সংসদের নিয়মিত কার্যক্রমের আগে জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে আলোচনা হওয়া উচিত। তিনি বলেন, “এই বিষয়টি যেকোনো জনগুরুত্বপূর্ণ ইস্যুর তুলনায় বেশি গুরুত্ব সহকারে আলোচনা হওয়া প্রয়োজন। এরপরই সংসদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা যৌক্তিক হবে।”
বক্তব্যের শেষ পর্যায়ে চিফ হুইপ বলেন, বিধি অনুযায়ী বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে। তিনি স্পিকার ও সংসদ হাউসকে অনুরোধ জানান, “আমরা প্রথমে এই বিধিতে নোটিশ দিয়েছি। জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিষয়ে আগে আলোচনা হোক—এটি আমাদের অনুরোধ।”
এমআর//