আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি

detaillogo
ডেস্ক নিউজ
৩১ মার্চ ২০২৬, ১৭:২২
PostImage

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সামরিক অভিযান নতুন মাত্রা পেতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।


ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সামরিক অভিযান নতুন মাত্রা পেতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রায় এক মাস ধরে চলা সংঘাতে প্রত্যাশিত ফল না পাওয়ায় এবার স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র—এমন খবরের মধ্যেই রাশিয়ার চেচেন বাহিনী ইরানের পক্ষে যুদ্ধে নামার ঘোষণা দিয়েছে।


মঙ্গলবার (৩১ মার্চ) ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রমজান কাদিরভ-এর অনুগত চেচেন সামরিক ইউনিটগুলো জানিয়েছে—যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান শুরু করলে তারা ইসলামি প্রজাতন্ত্রের পক্ষে লড়াইয়ে অংশ নেবে।


প্রতিবেদনে আরও বলা হয়, কাদিরভপন্থী বাহিনীগুলো যুক্তরাষ্ট্র-ইসরাইলের অভিযানকে ‘ধর্মীয় যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছে এবং সম্ভাব্য সংঘর্ষকে ‘জিহাদ’ হিসেবে বর্ণনা করেছে।


চলমান উত্তেজনার মধ্যে ধারণা করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কয়েক সপ্তাহের বিমান হামলার পর স্থল অভিযানের বিকল্প বিবেচনা করছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত দ্রুত বিস্তৃত হয়ে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে তুলেছে।


ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা ইতোমধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও ইসরাইলি লক্ষ্যবস্তুতে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। দেশটির কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, অন্তত ৮৬ দফা প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে।


এদিকে, সংঘাতকে আরও জটিল করে ইরান অভিযোগ করেছে যে, ইউক্রেন এই অভিযানে সহায়তা করছে। জাতিসংঘে পাঠানো এক চিঠিতে ইরানের দূত আমির সাইদ ইরাভানি দাবি করেছেন, কিয়েভ শত শত বিশেষজ্ঞ মোতায়েন করেছে।


তবে চেচেন বাহিনী বা ইউক্রেনীয় সম্পৃক্ততার এসব দাবি এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতি চলতে থাকলে এটি বহুমুখী আন্তর্জাতিক সংঘাতে রূপ নিতে পারে।


উল্লেখ্য, চেচেন আর্মি মূলত রাশিয়ার নিয়ন্ত্রণাধীন কিছু বিশেষ সামরিক ইউনিট, যেগুলো রমজান কাদিরভ-এর নেতৃত্বে পরিচালিত হয় এবং কখনো রুশ বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিভিন্ন অভিযানে অংশ নেয়।


এমআর/