জাতীয়

সংবিধান সংস্কার ইস্যুতে সংসদ থেকে ওয়াকআউট বিরোধীদলের

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০১ এপ্রিল ২০২৬, ১২:৩০
PostImage

জাতীয় সংসদের চলতি অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি নেতৃত্বাধীন বিরোধীদলীয় সদস্যরা।


জাতীয় সংসদের চলতি অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি নেতৃত্বাধীন বিরোধীদলীয় সদস্যরা। বুধবার (১ এপ্রিল) বিকেলে অধিবেশন চলাকালে এ ঘোষণা দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।


সংবিধান সংস্কার পরিষদের বিশেষ অধিবেশন আহ্বানের প্রশ্নে সংসদে আলোচনা হলেও তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না আসায় প্রতিবাদ হিসেবে এই ওয়াকআউট করেন তারা।


বিরোধীদলীয় নেতা বলেন, বিষয়টি কোনো নির্দিষ্ট দলের নয়, বরং নির্বাচনের আগে সরকার ও বিরোধী—সব পক্ষই এ বিষয়ে একমত হয়েছিল। তিনি অভিযোগ করেন, এ বিষয়ে প্রতিকার না পাওয়ায় জনগণের রায়ের যথাযথ প্রতিফলন ঘটেনি। এ অবস্থাকে অবমূল্যায়ন উল্লেখ করে তিনি বলেন, বিরোধীদল হিসেবে তারা এটি মেনে নিতে পারেন না।


এ সময় স্পিকার বিরোধীদলকে ওয়াকআউট থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, পরবর্তী মুলতবি প্রস্তাবে আলোচনার সুযোগ থাকবে এবং সেখানে বিষয়টির উত্তর পাওয়া যেতে পারে। তবে বিরোধীদলীয় নেতা সেই প্রস্তাবকে ‘মূল ইস্যু চাপা দেওয়ার চেষ্টা’ হিসেবে আখ্যা দিয়ে ওয়াকআউটের সিদ্ধান্ত বহাল রাখেন।


এর মধ্য দিয়ে সংবিধান সংস্কার ইস্যুতে সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে উত্তেজনা আরও স্পষ্ট হয়ে উঠেছে।


এমআর/