জাতীয়

বিএনপি নেতাকর্মীদের ২৩৮৬৫ মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

detaillogo
ডেস্ক নিউজ
০১ এপ্রিল ২০২৬, ১৫:০৭
PostImage

সংসদে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার পরিসংখ্যান তুলে ধরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন,


সংসদে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার পরিসংখ্যান তুলে ধরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত মোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মামলা করা হয়েছে, যা তিনি ‘মিথ্যা ও হয়রানিমূলক’ বলে উল্লেখ করেন।


বুধবার (১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নানের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।


আইনমন্ত্রী বলেন, সরকারিভাবে সব রাজনৈতিক দলের বিরুদ্ধে করা মিথ্যা মামলার পূর্ণাঙ্গ পরিসংখ্যান সংরক্ষণ করা হয় না। তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে।


তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক উদ্দেশ্যে করা এসব মামলার মধ্যে ইতোমধ্যে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে।


মামলা প্রত্যাহারের প্রক্রিয়া ব্যাখ্যা করে তিনি বলেন, জেলা পর্যায়ে চার সদস্যের কমিটি আবেদন, এজাহার ও চার্জশিট যাচাই করে দেখে মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে কি না। জনস্বার্থে মামলা চালানোর প্রয়োজন না থাকলে তা প্রত্যাহারের সুপারিশ করা হয়।


এ ছাড়া, জেলা কমিটির সুপারিশ যাচাইয়ের জন্য ২০২৬ সালের ৮ মার্চ ছয় সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়েছে, যারা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

আইনমন্ত্রী আরও জানান, যেসব মামলা এখনো প্রত্যাহার করা হয়নি, সেগুলো পর্যায়ক্রমে প্রত্যাহারের কার্যক্রম চলমান রয়েছে।