জাতীয়

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০২ এপ্রিল ২০২৬, ০৬:২৩
PostImage

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সরকার, যেখানে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সরকার, যেখানে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা নিশ্চিত, প্রশাসনিক কার্যক্রম গতিশীল করা এবং দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোসা. তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের অফিস কক্ষে উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং দাপ্তরিক কর্মসূচিও এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে এ সময়সীমা বিঘ্নিত না হয়।

একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহারে উৎসাহিত করা হয়েছে এবং অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখার কথাও বলা হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, অফিস ত্যাগের সময় সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখতে হবে এবং অফিস-পরবর্তী সময়েও কোনো যন্ত্র চালু না থাকে তা নিশ্চিত করতে হবে। করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো ব্যবহার বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এছাড়া, সরকারি অনুমতি ছাড়া আলোকসজ্জা না করা, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া এবং অফিসের সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে। এসব নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়ন ও তদারকির জন্য প্রতিটি দপ্তর ও সংস্থাকে ভিজিল্যান্স টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।