রাজনীতি

জুলাইয়ের মতো আবার রাজপথে নামব: জামায়াত আমির

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৩ এপ্রিল ২০২৬, ১২:১২
PostImage

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের রায়কে অস্বীকার করাই ফ্যাসিবাদের সূচনা।


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের রায়কে অস্বীকার করাই ফ্যাসিবাদের সূচনা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “জুলাইয়ে যেমন রাজপথে নেমেছিলাম, জনগণের দাবি আদায়ে প্রয়োজনে আবারও সেভাবেই নামব।”

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আয়োজিত দলের এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বক্তব্যে ডা. শফিকুর রহমান গণভোটের রায় বাস্তবায়নের ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, “গণভোট হচ্ছে সংবিধানের চেয়েও সুপ্রিম অবস্থানে। যারা আজ বলছেন সংবিধানে গণভোট নেই, তাদের মনে রাখা উচিত বাংলাদেশে প্রথম গণভোট যখন হয়েছিল, তখনো কি তা সংবিধানে ছিল? অথচ আপনারা নির্বাচনের আগে গণভোটের পক্ষে থাকলেও জয়ের পর অবস্থান পরিবর্তন করেছেন।”


সমাবেশে তিনি ১১ দলীয় জোটের লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বলেন, আগামীকাল শনিবার (৪ এপ্রিল) থেকে ঢাকায় আন্দোলনের প্রথম কর্মসূচি শুরু হবে। বর্তমান ক্ষমতাসীনদের সমালোচনা করে তিনি বলেন, “বিএনপি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করছে। আপনারা ভেতরে ভেতরে গণভোটের বিপক্ষে থাকলেও প্রকাশ্যে ‘হ্যাঁ’ বলছেন। আমরা সংসদে আপনাদের কাছে ‘জান্নাতের টিকিট’ দেখতে চাইব, যা নিয়ে বর্তমানে মিডিয়াতে ব্যাপক আলোচনা চলছে।”


জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আবারও সব জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াত আমির। তিনি অভিযোগ করেন, অনলাইন ক্লাসের মাধ্যমে মেধার অপমৃত্যু ঘটানো হচ্ছে এবং সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। জনগণের অধিকার আদায়ে রাজপথের আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।