জাতীয়

দোকান বন্ধের সময় ৬টা নয়, ৮টা করার দাবি ব্যবসায়ীদের

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৩ এপ্রিল ২০২৬, ১৬:৫৪
PostImage

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায়


মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকার দেশের সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।


শুক্রবার (৩ এপ্রিল) সংগঠনটির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ এবং সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে এই অনুরোধ জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭০ লাখ দোকান ব্যবসায়ী ও প্রায় আড়াই কোটি কর্মচারীর স্বার্থ বিবেচনায় দোকান খোলার সময় সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টা করা যেতে পারে। তবে বন্ধের সময় সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত বাড়ানোর সুযোগ দেওয়া প্রয়োজন।


এর আগে জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ (৩ এপ্রিল) থেকে দেশের সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা কার্যকর হয়েছে।


এদিকে, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে অফিস সময়ও এক ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, সরকারি-বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। ব্যাংক লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এবং ব্যাংক বন্ধ হবে বিকাল ৪টার মধ্যে।


ব্যবসায়ীরা আশা করছেন, বাস্তব পরিস্থিতি বিবেচনায় সরকার তাদের প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করবে।