জ্বালানি সংকট মোকাবিলায় আপাতত সন্ধ্যা ৬টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শনিবার (৪ এপ্রিল) বিদ্যুৎ ভবন-এ দোকান ও শপিংমল ব্যবসায়ী মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বর্তমানে তা পরিবর্তনের কোনো সুযোগ নেই। তিনি জাতীয় স্বার্থে সরকারের সিদ্ধান্ত মেনে চলার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
বৈঠক শেষে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি-এর নেতারা জানান, তারা সরকারের সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন এবং সন্ধ্যা ৬টার মধ্যে দোকান বন্ধ রাখার নির্দেশনা মেনে নেওয়ার কথা জানিয়েছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সময়সীমা পুনর্বিবেচনার অনুরোধও করেছেন তারা।
এর আগে জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে সরকার অফিস সময় কমানোসহ বিভিন্ন পদক্ষেপ নেয়। সেই ধারাবাহিকতায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা বাধ্যতামূলক করা হয়েছে এবং এ নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি চালানো হবে বলে জানানো হয়েছে।
এমআর//