মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন এনেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যা আগামী রবিবার (৫ এপ্রিল) থেকে কার্যকর হবে। আগে অফিস চলত বিকাল ৫টা পর্যন্ত, ফলে প্রতিদিন এক ঘণ্টা কম সময় কাজ চলবে।
এর পাশাপাশি দেশের সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশনা ইতোমধ্যে কার্যকর হয়েছে। এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
জ্বালানি সংকট মোকাবিলায় বিদ্যুৎ বিভাগ একটি সমন্বিত পরিকল্পনাও গ্রহণ করেছে। এর আওতায় প্রতিদিন প্রায় ৩ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সরকারি ব্যয় কমানোর অংশ হিসেবে সরকারি উচ্চপদস্থদের গাড়ির জ্বালানির মাসিক বরাদ্দ ৩০ শতাংশ কমানো হচ্ছে। এছাড়া সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত ঋণ সুবিধা আপাতত বন্ধ রাখা হয়েছে।
এছাড়াও সরকারি অর্থায়নে বৈদেশিক প্রশিক্ষণ স্থগিত, অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০ শতাংশ হ্রাসসহ বিভিন্ন সাশ্রয়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের এই পদক্ষেপগুলোকে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
এমআর//