নেত্রকোনার আটপাড়া থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতারের পর টিকটকার প্রিয়া খান, তার মা ও ভাইয়ের জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে তাদের হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।
জামিনপ্রাপ্তরা হলেন—আটপাড়া উপজেলার বানিয়াজান গ্রামের বাসিন্দা হাফসা আক্তার, তার মেয়ে প্রিয়া খান ও ছেলে স্বাধীন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সোহেল তালুকদার।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল একই গ্রামের মো. হারিছ মিয়ার মেয়ে তমা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, ৩১ মার্চ প্রিয়া খান তার মা ও ভাইকে নিয়ে বাদীর বাড়িতে অনধিকার প্রবেশ করেন। এ সময় তমা আক্তারকে মারধর করা হয় এবং স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ আনা হয়।
জামিন পাওয়ার পর প্রিয়া খানের মা হাফসা আক্তার অভিযোগ করেন, প্রভাবশালীদের প্রভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। তিনি দাবি করেন, টিকটকার বিপি ইমরান-এর যোগসাজশে তাদের হয়রানি করা হয়েছে।
অন্যদিকে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়দুল আলম জানান, ভুক্তভোগীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছিল। পরে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।