ময়মনসিংহে এক সচেতনতামূলক সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। সোমবার (৬ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত এ সভায় তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে পরীক্ষার কার্যক্রম দূর থেকেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে। পাশাপাশি কোনো অনিয়মের অভিযোগ উঠলে সংরক্ষিত ফুটেজ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।
যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে সিসিটিভি স্থাপনের সক্ষমতা নেই, তারা শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে এ সহায়তা পাবে বলেও জানান তিনি। এছাড়া পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, সব ধরনের অনিয়ম প্রতিরোধে ‘পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট’ আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষকদের উৎসবভাতা বাড়ানোর বিষয়েও ইতিবাচক ইঙ্গিত দেন তিনি। জানান, ভাতা ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং এটি নিয়ে আলোচনা চলছে। মন্ত্রী আরও বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি, মিড-ডে মিল ও পোশাকসহ বিভিন্ন সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে, যা পর্যায়ক্রমে সারা দেশে বাস্তবায়ন করা হবে।