ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ সরকারি কলেজ শাখা ছাত্রদল কমিটির সাংস্কৃতিক সম্পাদক রেদোয়ান ইসলাম সোমবার (৫ এপ্রিল) এক ভিডিও বার্তায় জানিয়েছেন, তিনি ট্রান্সজেন্ডার নন এবং তার পরিবারকে নিয়ে সামাজিক মাধ্যমে যে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, তা তার ও পরিবারের সম্মানহানী করছে।
রেদোয়ান ইসলাম বলেন, “আমি একজন সুস্থ পুরুষ মানুষ। আমাকে নিয়ে মিথ্যা বিভ্রান্তি ছড়াবেন না। আমাকে ও আমার পরিবারের সম্মানকে আঘাত করা চলবে না। আমার মতো করে আমাকে বাঁচতে দিন।” ভিডিও বার্তায় তিনি আরও জানিয়েছেন, অতীতে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য ছেলে হয়ে মেয়ে সেজে কন্টেন্ট তৈরি করেছিলেন। তবে বর্তমানে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার চেষ্টা করছেন।
উল্লেখ্য, শুক্রবার (৩ এপ্রিল) কলেজে ছাত্রদলের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে রেদোয়ান সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে ছিলেন। কমিটির তালিকা প্রকাশের পর সামাজিক মাধ্যমে তার মেয়েলি পোশাকে তৈরি করা বিভিন্ন ভিডিও ভাইরাল হয়। এর ফলে তাকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
স্থানীয় বাসিন্দারা ও শিক্ষার্থীরা প্রকাশ্যে প্রশ্ন তুললে রেদোয়ানকে কলেজ ছাত্রদল কমিটি থেকে বহিষ্কার করা হয়। এরপর সোমবার তিনি ভিডিও বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন। রেদোয়ান ইসলামের ভিডিও বার্তাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নতুন দিক পাওয়ায় বিতর্ক থামানোর আশা করা হচ্ছে।