বাংলাদেশ সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন কামাল উদ্দিন মজুমদার (সবুজ)।
মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। সাংবাদিক কামাল উদ্দিন মজুমদার দীর্ঘদিন ধরে দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। পেশাগত জীবনে তিনি নিরপেক্ষ ও বিশ্লেষণধর্মী সাংবাদিকতার জন্য পরিচিত। তিনি বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় সক্রিয় ছিলেন।
জানা যায়, তিনি বর্তমানে দৈনিক দেশ রূপান্তরের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সভাপতির দায়িত্বও পালন করেছেন। ১৯৮৫ সালে ইংরেজি দৈনিক ‘ডেইলি নিউজ’-এ কাজের মাধ্যমে তার সাংবাদিকতা জীবনের সূচনা হয়। পরবর্তীতে তিনি বার্তা সংস্থা ইউএনবি এবং বাসসেও কাজ করেছেন।
শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার নিয়োগের মাধ্যমে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।