যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির খবরে আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের দরপতন দেখা গেছে। বুধবার (৮ এপ্রিল) ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে।
বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের মূল্য প্রায় ১৪ দশমিক ৮৪ ডলার বা ১৩ দশমিক ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৪৩ ডলারে। একই সময়ে ডব্লিউটিআই ক্রুডের দামও ১৬ দশমিক ১৩ ডলার কমে ৯৬ দশমিক ৮২ ডলারে নেমে এসেছে।
বিশেষজ্ঞদের মতে, এই দরপতনের প্রধান কারণ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর যুদ্ধবিরতির ঘোষণা। তিনি ইরানের সঙ্গে দুই সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা জানিয়েছেন।
এই যুদ্ধবিরতির শর্ত হিসেবে হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার কথা বলা হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তাদের ওপর হামলা বন্ধ করা হলে ইরানও পাল্টা আক্রমণ থেকে বিরত থাকবে। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, এই সময়ের মধ্যে হরমুজ প্রণালীর মাধ্যমে জাহাজ চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখার চেষ্টা করা হবে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা কমার ইঙ্গিত পাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে, যার প্রভাব সরাসরি তেলের দামে পড়েছে। তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল নয় বলে সতর্ক করেছেন তারা।