ইরানের ওপর পূর্বঘোষিত বড় ধরনের সামরিক হামলা অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
মঙ্গলবার (৭ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায়, হামলার কয়েক ঘণ্টা আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে এ সিদ্ধান্ত জানান। তিনি বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় এই সমঝোতা সম্ভব হয়েছে।
ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনির-এর অনুরোধের ভিত্তিতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই যুদ্ধবিরতির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। ট্রাম্প বলেন, ইরানকে অবশ্যই অবিলম্বে এবং নিরাপদভাবে হরমুজ প্রণালি খুলে দিতে হবে।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, যদি ইরানের ওপর হামলা বন্ধ রাখা হয়, তবে তারাও পাল্টা সামরিক কার্যক্রম স্থগিত রাখবে। পাশাপাশি, এই সময়ের মধ্যে হরমুজ প্রণালীর মাধ্যমে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে সমন্বয় করা হবে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সাময়িক যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে স্বস্তির বার্তা দিয়েছে। সংস্থাটির সাংবাদিক ওসামা বিন জাভেদ মন্তব্য করেন, ট্রাম্পের এই ঘোষণা অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়া বড় ধরনের সংঘাতের আশঙ্কা কিছুটা প্রশমিত করতে পারে।
বিশ্লেষকদের মতে, এই দুই সপ্তাহের বিরতি কূটনৈতিক আলোচনার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। তবে পরিস্থিতি এখনো নাজুক থাকায় ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান ও প্রতিশ্রুতির ওপর।