বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়েছে নতুন আইনগত পদক্ষেপ। সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬ জাতীয় সংসদে পাশ হয়ে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পূর্বের অবস্থাকে আইনগত ভিত্তি দিয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় সংসদে বিলটি কণ্ঠভোটে অনুমোদিত হয়। এর মাধ্যমে পূর্বে জারি করা নিষেধাজ্ঞা আইনগত স্বীকৃতি পেল। এর আগে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সকল সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল।
অন্তর্বর্তী সরকারের সময়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য যে অধ্যাদেশ জারি হয়েছিল, সেটি সংশোধিত আকারে সংসদে পাশের সুপারিশ করে ত্রয়োদশ জাতীয় সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটি।
বিশ্লেষকদের মতে, এই বিল সংসদে আইন আকারে পাশ হওয়ায় আওয়ামী লীগের কোনো কার্যক্রম শুধু নিষিদ্ধই থাকবে না, বরং দলটির সব নেতাকর্মীরাই বিচার কার্যক্রমের আওতায় আসবেন।