ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন-এ আইনশৃঙ্খলা সমন্বয় সেল থেকে ভোটের সার্বিক পরিস্থিতি মনিটরিং শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সিইসি জানান, একটি সুন্দর ও নির্বিঘ্ন নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোট পর্যবেক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যার মধ্যে ড্রোন নজরদারিও রয়েছে। কেন্দ্রীয়ভাবে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
ভোটের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। যদিও উপনির্বাচনে সাধারণত ভোটার উপস্থিতি কিছুটা কম থাকে, তবুও শেষ পর্যন্ত অংশগ্রহণ কেমন হয় তা দেখার বিষয় বলে মন্তব্য করেন তিনি।
সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ ইস্যু নিয়ে প্রশ্ন করা হলে সিইসি বলেন, বিষয়টি চলমান নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয় এবং এটি বর্তমানে আদালতে বিচারাধীন থাকায় এ বিষয়ে মন্তব্য করা সমীচীন নয়।
এদিকে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে নির্বাচন কমিশন শিগগিরই সরকারের সঙ্গে আলোচনা করবে। আইনে কোনো পরিবর্তন আসবে কি না, সে বিষয়েও সংশ্লিষ্ট সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে কমিশন।