জাতীয়

সংসদে আরও ১০ বিল পাস, অধ্যাদেশ আইনে রূপান্তরের অগ্রগতি

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১০ এপ্রিল ২০২৬, ০৮:২২
PostImage

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের ধারাবাহিকতায় জাতীয় সংসদে আজ শুক্রবার আরও ১০টি বিল পাস হয়েছে।


অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের ধারাবাহিকতায় জাতীয় সংসদে আজ শুক্রবার আরও ১০টি বিল পাস হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালের বৈঠকে উত্থাপিত এসব বিলের ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় আলোচনা ছাড়াই সর্বসম্মতিক্রমে সেগুলো পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।


সংসদের বিশেষ কমিটি আগে থেকেই অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করে ৯৮টি অপরিবর্তিত এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি নতুনভাবে আরও শক্তিশালী করে বিল আকারে আনার সুপারিশ করা হয়।

সকালের অধিবেশনে পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের আইন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল সংসদে উত্থাপন করেন, যা সর্বসম্মতিক্রমে পাস হয়।


এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) বিল পাসের প্রস্তাব উত্থাপন করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল পাসের প্রস্তাব দেন।

অন্যদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আমানত সুরক্ষা বিল, এক্সাইজেস অ্যান্ড সল্ট বিল এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল সংসদে উত্থাপন করেন, যা সর্বসম্মতিক্রমে পাস হয়।

এর মাধ্যমে অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের প্রক্রিয়ায় আরও অগ্রগতি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।