মানুষকে সঠিক চিকিৎসা সেবা দিতে হলে দক্ষ ও মানবিক চিকিৎসক তৈরি জরুরি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (১১ এপ্রিল) রাতে রাজধানীর বিমানবন্দর এলাকায় বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) আয়োজিত বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল শিক্ষার্থীদের শুধু পাঠ্যজ্ঞান নয়, নৈতিকতা ও মানবিক গুণাবলীতেও সমৃদ্ধ হতে হবে। ভালো ডাক্তার তৈরি করতে বেসরকারি মেডিকেল কলেজগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সেলিংয়ের মাধ্যমে মানসিক চাপ ও হতাশা থেকে দূরে রাখার ওপরও জোর দেন তিনি।
তিনি আরও বলেন, মানুষের জীবন রক্ষায় চিকিৎসকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মেডিকেল খাতে মোটিভেশন বাড়াতে হবে এবং শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হবে।
বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী জানান, দেশে হামের প্রকোপ নিয়ন্ত্রণে আগামী ২০ এপ্রিল সারাদেশে টিকাদান কর্মসূচি পরিচালনা করা হবে। তিনি উল্লেখ করেন, করোনা মহামারির সময় চিকিৎসকরা অসামান্য ত্যাগ স্বীকার করেছেন এবং এখনও ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিএমসিএর সভাপতি ডা. শেখ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মোহাম্মাদ সাইফুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবির তালুকদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়-এর চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. নাদিম আহম্মদ।