জাতীয়

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৬
PostImage

পহেলা বৈশাখ উপলক্ষে কৃষকদের জন্য নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


পহেলা বৈশাখ উপলক্ষে কৃষকদের জন্য নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১টা ২২ মিনিটের দিকে তিনি জেলা স্টেডিয়ামে সমাবেশস্থলে পৌঁছে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনের সময় তিনি ১৫ জন কৃষকের হাতে সরাসরি কৃষক কার্ড তুলে দেন। এরপর জেলার পৌর উদ্যানে কৃষিমেলার উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি বিকেলে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী-এর মাজার জিয়ারত করার কর্মসূচিও রয়েছে।

এই কর্মসূচিকে ঘিরে টাঙ্গাইল শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টাঙ্গাইলসহ আশপাশের জেলা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

প্রাথমিকভাবে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ পূর্বপাড়া ব্লকের ১ হাজার ৪৫৩ জন কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে।

এর আগে সকালে ‘সবার আগে বাংলাদেশ’ বাসে করে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের জন্য নতুন সুবিধা ও সহায়তা কার্যক্রম সম্প্রসারণের আশা করা হচ্ছে।