বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ‘টাইম’-এর ২০২৬ সালের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এই তালিকায় ‘লিডারস’ ক্যাটাগরিতে তিনি ১৬তম অবস্থানে রয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।
মাহদী আমিন জানান, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে টাইম। দেশে গণতন্ত্র ও ভোটাধিকার সংকটের সময় তিনি জনগণের কণ্ঠস্বর হিসেবে নেতৃত্ব দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘ সংগ্রামের পর তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে এবং অবাধ নির্বাচন, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় তার ভূমিকা বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে।
তারেক রহমানের পাশাপাশি এই তালিকায় স্থান পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প, কিয়ার স্টারমার, বেনিয়ামিন নেতানিয়াহু, শি জিনপিং এবং পোপ লিও চতুর্দশসহ বিশ্বের প্রভাবশালী অন্যান্য নেতৃবৃন্দ। উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, এই অর্জন শুধু তারেক রহমানের নয়, বরং পুরো বাংলাদেশের মানুষের জন্য গর্বের এবং এটি দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন প্রেরণা জোগাবে।