পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তারা সবাই আগে বিভিন্ন ইউনিটে পুলিশ সুপার বা সমপর্যায়ের পদে কর্মরত ছিলেন এবং সম্প্রতি পদোন্নতি পেয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপ-সচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনকে পিবিআইতে অতিরিক্ত ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এসবির বিশেষ পুলিশ সুপার কামরুল হাসান মাহমুদকে একই ইউনিটে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপার তোফায়েল আহমেদকে একই ইউনিটে অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপির উপ-কমিশনার সুফিয়ান আহমেদকে যুগ্ম কমিশনার এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ বাছির উদ্দিনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, সিএমপির উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, পুলিশ অধিদফতরের এআইজি মো. মাহবুবুল করিম এবং আরএমপির উপ-কমিশনার মো. আল মামুনসহ আরও কয়েকজন কর্মকর্তাকে নিজ নিজ ইউনিটে উচ্চতর পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহা. আসাদুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ অধিদফতরে বদলি করা হয়েছে। এই বদলির মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নতুন দায়িত্বে নিয়োগ দিয়ে পুলিশ প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।