জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন মোবাইল ফোনে কথা না বলা এবং অধিবেশনের ছবি না তোলার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার কায়সার কামাল বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে চিফ হুইপ এ আহ্বান জানান।
তিনি বলেন, সংসদ কক্ষে মোবাইল ফোনে কথা বলার কারণে বক্তব্য ও আলোচনায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে, যা সংসদীয় শৃঙ্খলার পরিপন্থী। তাই কেউ প্রয়োজন হলে কক্ষের বাইরে গিয়ে ফোনে কথা বলার অনুরোধ জানান তিনি।
এ সময় তিনি সংসদ সদস্যদের অধিবেশনের ভেতরে ছবি না তোলার বিষয়েও সতর্ক করেন। পাশাপাশি সংসদীয় কার্যক্রমে ‘ফ্লোর ক্রস’ বা নির্ধারিত আসন ছেড়ে অনিয়ন্ত্রিত চলাচল না করার আহ্বান জানান চিফ হুইপ।
তিনি আরও বলেন, সংসদের কার্যপ্রণালী অনুযায়ী নিয়ম মেনে চলা সকল সদস্যের দায়িত্ব, যাতে অধিবেশনের শৃঙ্খলা ও মর্যাদা বজায় থাকে।