সারাদেশ

ইউটিউব দেখে অকটেন তৈরি করতে গিয়ে বিস্ফোরণ, যুবকের মৃত্যু

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল ২০২৬, ১৩:৫০
PostImage

ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরি করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে নুর আলম মাসুদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।


ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরি করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে নুর আলম মাসুদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


জানা গেছে, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সোনাগাজী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নজরুল প্রাইমারি এলাকায় বিকল্প উপায়ে অকটেন তৈরির সময় অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে একটি পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হলে গুরুতর দগ্ধ হন নুর আলম মাসুদ ও তার সহকর্মী মো. ওমর ফারুক।

আহতদের প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফেনী সদর হাসপাতাল হয়ে ঢাকায় স্থানান্তর করা হয়। চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা যান মাসুদ। তার সহকর্মী এখনও চিকিৎসাধীন রয়েছেন।


নিহত নুর আলম মাসুদ ‘সততা অয়েল মিলস’-এর মালিক ছিলেন এবং এলাকায় একজন সামাজিকভাবে সক্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়রা জানান, তিনি প্রায়ই ইউটিউব দেখে নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা করতেন।


ঘটনার বিষয়ে বাংলাদেশ পুলিশ-এর সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।