জাতীয়

১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া’, নামফলক উন্মোচন প্রধানমন্ত্রীর

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল ২০২৬, ০৬:৪১
PostImage

দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়া-কে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে।


দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়া-কে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


এর ফলে আগে থেকে থাকা ১২টি সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হলো নতুন এই নগর প্রশাসনিক ইউনিট। বিদ্যমান সিটি করপোরেশনগুলোর মধ্যে রয়েছে—ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ।

নামফলক উন্মোচন অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মীর শাহে আলম, সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ঐতিহাসিকভাবে বগুড়া পৌরসভার কার্যক্রম শুরু হয় ১৮৭৬ সালের ১ জুলাই। উত্তরাঞ্চলের অন্যতম প্রাচীন এই পৌরসভাটি ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী প্রায় ৪ লাখ মানুষের আবাসস্থল। সময়ের সঙ্গে এর আয়তন ও প্রশাসনিক কাঠামো সম্প্রসারিত হয়ে এখন সিটি করপোরেশনে উন্নীত হয়েছে।

এর আগে সকালে প্রধানমন্ত্রী বগুড়ায় পৌঁছে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন এবং আদালতে ই-বেইলবন্ড কার্যক্রমের সূচনা করেন।