আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বড় সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন প্রস্তুতি কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি জানান, শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপি ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন।
সমাবেশে অংশ নিতে শ্রমজীবী মানুষ ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা এবং জীবন-জীবিকার নিশ্চয়তাসহ বিভিন্ন দাবি এখনও বাস্তবায়িত হয়নি। এসব দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকলেও শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আরও উদ্যোগ প্রয়োজন। নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
নজরুল ইসলাম খান দাবি করেন, ইতোমধ্যে কৃষিশ্রমিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে ঋণ মওকুফ উল্লেখযোগ্য। পাশাপাশি শ্রম আইন সংশোধনের উদ্যোগ শ্রমিকদের জন্য সহায়ক হয়েছে, তবে আরও সংস্কারের প্রয়োজন রয়েছে। শ্রমজীবী মানুষকে সমাজের উৎপাদনশীল শক্তি উল্লেখ করে তিনি বলেন, তারা সহানুভূতির নয়, সম্মানের দাবিদার। মে দিবসের সমাবেশ সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।