রাজনীতি

শাহবাগ থানায় ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, ডাকসু নেতাদের ওপর হামলার অভিযোগ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৬, ১৫:৪৫
PostImage

রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।


রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এক পর্যায়ে সংঘর্ষ থানা চত্বরেও ছড়িয়ে পড়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর কয়েকজন নেতার ওপর হামলার অভিযোগ ওঠে।

ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক এবং আরেক নেতা এ বি জুবায়ের থানা ভেতরে আশ্রয় নেন। পরে তারা ভেতরেই আটকা পড়েন বলে জানা গেছে।


প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ ও জাইমা রহমানকে কটূক্তির প্রতিবাদে সন্ধ্যায় শাহবাগ এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন। এর কিছুক্ষণ পর মুসাদ্দিক এবং এ বি জুবায়ের-এর নেতৃত্বে ছাত্রশিবিরের কর্মীরা ঘটনাস্থলে এলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অনেকে শাহবাগ থানায় আশ্রয় নেন। পরে থানা চত্বরে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ঘটনার সময় ডাকসুর শিবিরপন্থী প্যানেলের কয়েকজন সদস্যও থানার ভেতরে অবস্থান করছিলেন বলে জানা গেছে। পরিস্থিতি উত্তপ্ত থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।


এর আগে গতকাল বুধবার মুসাদ্দিক অভিযোগ করেন, ছাত্রদল নেতা মো. আলাউদ্দিনসহ কয়েকজন তাকে হেনস্তা ও হুমকি দিয়েছেন। তিনি বলেন, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং দাঁত ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়। প্রক্টর অফিসের সামনে দেওয়া বক্তব্যে তিনি জানান, কলা ভবনের পেছনের ফটকের কাছে তাকে পথরোধ করা হয় এবং সেখানে তাকে গালিগালাজ করে শারীরিক হামলার চেষ্টা করা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।